ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ
- প্রকাশের সময় : ১২:২৪:০২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / 185
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নির্বাচন করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এর আগে গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন।
ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসীম উদ্দিন সরকার। জাতীয় নাগরিক পার্টি এখনো এই আসনে প্রার্থী ঘোষণা করেনি।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছাড়ার পর আসিফ মাহমুদ ও মাহফুজ আলম কোন দলে যোগ দিচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। তবে গত ১২ ডিসেম্বর আসিফ মাহমুদ স্পষ্ট করে জানান, তিনি কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।




















