বগুড়া-৭ আসনে খালেদা জিয়া, ৬-এ তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ
- প্রকাশের সময় : ০৪:৫৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / 200
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) ও বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির শীর্ষ দুই নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার ২১ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে শহরের গোহাইল রোডে জেলা নির্বাচন অফিস থেকে বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচনি সমন্বয়কারী ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বগুড়া-৭ আসনটি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। তিনি এই আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক প্রতিকূলতা, মামলা ও দমন-পীড়নের মধ্যেও এই আসনে বিএনপির ভোটব্যাংক অটুট রয়েছে বলে দাবি দলটির নেতাদের।
মনোনয়ন উত্তোলন শেষে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বগুড়া-৭ আসনের মানুষ বেগম খালেদা জিয়াকে শুধু নেতা নয়, নিজেদের অভিভাবক মনে করেন। অতীতের মতো এবারও তারা বিপুল ভোটে তাকে সমর্থন জানাতে প্রস্তুত।
এদিকে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কার্যালয় থেকে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাহফতুন আহম্মেদ খান রুবেলসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় বিপুলসংখ্যক নেতাকর্মী জেলা প্রশাসক কার্যালয় ও নির্বাচন অফিস এলাকায় অবস্থান নিলেও মনোনয়ন উত্তোলনের সময় তারা ভেতরে প্রবেশ করেননি।
মনোনয়ন উত্তোলন শেষে রেজাউল করিম বাদশা বলেন, তারেক রহমান বগুড়া সদর আসন থেকে নির্বাচন করবেন। এটি শুধু একটি প্রার্থিতা নয়, বরং একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। বগুড়ার মানুষ তাকে জাতীয় নেতৃত্বের জায়গা থেকে দেখেন এবং ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছেন।




















