হাদির অবস্থা অপরিবর্তিত, আপাতত পর্যবেক্ষণভিত্তিক চিকিৎসা চলছে
- প্রকাশের সময় : ০১:৫৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / 183
গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত। এভারকেয়ার হাসপাতালের মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত নতুন কোনো অস্ত্রোপচার বা হস্তক্ষেপ করা হবে না এবং পর্যবেক্ষণভিত্তিক চিকিৎসা চলবে।
হাসপাতাল সূত্র জানায়, শনিবার সকালে এভারকেয়ার হাসপাতালে গুলিবিদ্ধ হাদির চিকিৎসা পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ড বৈঠক করেছে। বৈঠকে রোগীর সার্বিক অবস্থা, নিউরোলজিক্যাল ইনজুরি এবং চলমান চিকিৎসা পর্যালোচনা করা হয়েছে। মেডিকেল বোর্ডের নেতৃত্বে রয়েছেন এভারকেয়ার আইসিইউ ও ক্রিটিক্যাল কেয়ার বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. জাফর ইকবাল। বোর্ডে নিউরোসার্জারি, এনেস্থেসিওলজি, পেইন ম্যানেজমেন্ট, কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি বিভাগের সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
চিকিৎসকরা জানান, গুরুতর ব্রেন ইনজুরির কারণে হাদির অবস্থা অত্যন্ত সংবেদনশীল। তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে রাখা হয়েছে এবং সব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ অব্যাহত থাকবে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন কোনো সার্জিক্যাল হস্তক্ষেপ এখন করা হবে না।
গতকাল রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যার পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানিয়েছেন, বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়া বুলেট তার ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে, যা ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচিত। আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
চিকিৎসকরা এখনও রোগীর সুস্থতার বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারছেন না।




















