সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

- প্রকাশের সময় : ১২:৪৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / 199

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শান্ত (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে।
বিজিবি সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাত আনুমানিক ২টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫৪/৩-এস এর কাছে ভারতীয় ১৪৬ বিএসএফ কোম্পানির উদয়নগর ক্যাম্প থেকে গুলি ছোড়া হয়। এতে শান্ত গুলিবিদ্ধ হন। পরে বিএসএফ তাকে গুরুতর আহত অবস্থায় ধরে নিয়ে ভারতের মুর্শিদাবাদ জেলার হোগলবাড়ী থানায় হস্তান্তর করে। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ৮ ডিসেম্বর বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে এবং আগামী ১৪ ডিসেম্বর পতাকা বৈঠকের মাধ্যমে শান্তর মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে দেওয়া হবে।





















