শীতেও স্বস্তি ফেরেনি সবজি বাজারে, নানা অজুহাতে বাড়ছে দাম
- প্রকাশের সময় : ১২:৫২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / 204
রাজধানীর বাজারগুলোতে শীতকালেও সবজির দাম কমেনি। দুই মাসের বেশি সময় ধরে বেশিরভাগ সবজির দাম স্থিরভাবে উচ্চ অবস্থানে রয়েছে। ফলে সাধারণ ক্রেতাদের দৈনন্দিন বাজার খরচ বেড়েই চলেছে। অধিকাংশ সবজি প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে জানা যায়, মাঝারি আকারের ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৪০ টাকা করে বিক্রি হচ্ছে। বেগুন ৮০ টাকা, মুলা ৪০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, করলা ১০০ টাকা, শসা ৮০ টাকা ও গাজর ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শালগম ৬০, মিষ্টি কুমড়া ৫০, শিম ৬০, কাঁচা মরিচ ৮০, পেঁপে ৪০, নতুন আলু ১২০ এবং পেঁয়াজের ফুল ৮০ টাকা কেজি।
দেশি পেঁয়াজ ১২০ টাকা হলেও অনেক জায়গায় ১১০ থেকে ১১৫ টাকায় পাওয়া যাচ্ছে। ডিম ও মুরগির বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। ডজনপ্রতি ফার্মের ডিম ১২৫–১৩০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৬০–১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে সরবরাহ কম এবং চাহিদা বেশি। হঠাৎ হওয়া বৃষ্টিতে সবজির ক্ষতি হওয়ায় দাম কমছে না। কিছু বিক্রেতা বলছেন, আমদানি করা হলে দাম কমতে পারে।
ক্রেতারা বলছেন, শীতের সময় সবজির দাম কমার কথা, কিন্তু এবার উল্টো চিত্র দেখা যাচ্ছে। অনেকেই বাধ্য হয়ে আগের তুলনায় কম পরিমাণ সবজি কিনছেন।
বিক্রেতাদের যুক্তি, পাইকারি পর্যায়ে দাম বেশি পড়ায় খুচরা বাজারেও বেশি দামে বিক্রি ছাড়া তাদের উপায় নেই।























