ইতিহাসের সবচেয়ে গরম বছরগুলোর একটি হতে যাচ্ছে ২০২৫ : জাতিসংঘ

- প্রকাশের সময় : ১১:১৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / 118

জাতিসংঘ জানিয়েছে, ২০২৫ সাল ইতিহাসের সবচেয়ে গরম বছরগুলোর একটি হতে যাচ্ছে। চলতি বছরটি ইতিমধ্যে ইতিহাসের সবচেয়ে উষ্ণ তিন বছরের একটি হিসেবে রেকর্ডে উঠতে চলেছে, যা পৃথিবীকে আরও গভীরভাবে টেনে নিচ্ছে জলবায়ু সংকটের দিকে।
জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও) বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলেছে, ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সাল হবে ইতিহাসের সবচেয়ে উষ্ণ তিন বছর। সংস্থার ১৭৬ বছরের তাপমাত্রা রেকর্ড অনুযায়ী, ২০২৫ সাল দ্বিতীয় বা তৃতীয় সর্বোচ্চ উষ্ণ বছর হিসেবে রেকর্ড হতে পারে।
ডব্লিউএমও জানিয়েছে, গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব নতুন রেকর্ডে পৌঁছেছে, যা ভবিষ্যতের জন্য আরও তাপ ধরে রাখছে। ২০১৫ থেকে ২০২৫ পর্যন্ত প্রতিটি বছরই ইতিহাসের ১১টি সবচেয়ে উষ্ণ বছরের মধ্যে পড়বে।
সংস্থার মহাপরিচালক সেলেস্টে সাওলো বলেন, “সবকিছু বিবেচনায় আগামী কয়েক বছরে বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।”
২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী, বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রির নিচে এবং সম্ভব হলে ১.৫ ডিগ্রিতে সীমিত রাখার লক্ষ্য ছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্ব ব্যর্থ হয়েছে বলে জানায় ডব্লিউএমও।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের প্রথম আট মাসে বৈশ্বিক গড় তাপমাত্রা ছিল শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় ১.৪২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বায়ুমণ্ডল ও মহাসাগরের তাপমাত্রাও নতুন উচ্চতায় পৌঁছেছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, “১.৫ ডিগ্রির ওপরে উষ্ণতা বৃদ্ধি অর্থনীতি ধ্বংস করবে, বৈষম্য বাড়াবে এবং অপ্রত্যাবর্তনীয় ক্ষতি ডেকে আনবে। এখনই আমাদের দ্রুত ও ব্যাপকভাবে পদক্ষেপ নিতে হবে।”
ডব্লিউএমও আরও জানায়, ২০২৫ সালের শুরু থেকেই বিশ্বজুড়ে ভয়াবহ বন্যা, দাবদাহ ও দাবানলসহ জলবায়ুজনিত দুর্যোগ বেড়েছে। আর্কটিক অঞ্চলে বরফের বিস্তার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে, আর অ্যান্টার্কটিকার বরফও গড়ের নিচে রয়েছে।
তবে সংস্থাটি জানায়, সাম্প্রতিক বছরগুলোতে অনেক দেশ বহুমুখী দুর্যোগ আগাম সতর্কতা ব্যবস্থায় অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে ১১৯টি দেশে এমন ব্যবস্থা চালু আছে, যদিও বিশ্বের ৪০ শতাংশ দেশে এখনো তা নেই।
ডব্লিউএমও বলেছে, “এই ঘাটতি দূর করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া জরুরি।”

























