নবাবপুর ইউনিয়নে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু
- প্রকাশের সময় : ০২:৫৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / 74
“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা— সর্বত্র আমরা” এই শ্লোগানকে ধারণ করে রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার নবাবপুর ইউনিয়নে শুরু হয়েছে ১০ দিনব্যাপী অস্ত্রবিহীন ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা বাহিনী) মৌলিক প্রশিক্ষণ।
রবিবার (২ নভেম্বর) সকালে নবাবপুর ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রশিক্ষণটি চলবে টানা ১০ কার্যদিবস, যেখানে ৪৪ জন পুরুষ ও ২০ জন নারীসহ মোট ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা রক্ষা, সমাজকল্যাণ, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, নারী উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মৌলিক দীক্ষা নেবেন। প্রশিক্ষণে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহছানুল হক শিপন, থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. হোসনেআরা হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর।
তিনি বলেন, “দেশপ্রেম, শৃঙ্খলা ও আর্থসামাজিক উন্নয়নে প্রশিক্ষিত আনসার সদস্যদের ভূমিকা অপরিসীম। আনসার-ভিডিপি শুধু নিরাপত্তা বাহিনী নয়, এটি দেশের দক্ষ জনশক্তি তৈরির একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।”
প্রধান অতিথি আরও আহ্বান জানান, প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ উন্নয়ন ও দেশের কল্যাণে অবদান রাখার জন্য।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বলেন, “আনসার-ভিডিপি হচ্ছে দক্ষ জনশক্তি তৈরির এক অনন্য কারখানা। এই প্রশিক্ষণ গ্রামীণ জনগোষ্ঠীকে সংগঠিত করে দেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা রাখবে।”
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের প্রত্যেককে ১,৫০০ টাকা সম্মানী ভাতা ও সনদপত্র দেওয়া হবে।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে। পাশাপাশি আনসার-ভিডিপি সদস্যদের মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধেও অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের দেশরক্ষার শপথ পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক আমানুল্লাহ আমান, উপজেলা সহকারী আনসার কর্মকর্তা শ্রীকান্ত মণ্ডল, সাবেক উপজেলা আনসার ভিডিপি কোম্পানি কমান্ডার ও বর্তমান সৃজনশীল প্লাটুন কমান্ডার আব্দুর রউফ মোল্লা, ইউনিয়ন ওয়ার্ড সদস্য আমিনুল রহমান বাবু, কামরুল ইসলাম, কামরুজ্জামান চাঁদ, আকরাম জোয়ারদার, সংরক্ষিত মহিলা সদস্য সাফিয়া বেগম, আসমা বেগম, মর্জিনা খাতুন, ইউনিয়ন আনসার কমান্ডার বাবুল আক্তার, সহকারী আনসার কমান্ডার ফারুক হোসেন, ভিডিপি দলনেতা রমজান আলী শেখ ও দলনেত্রী মর্জিনা বেগম প্রমুখ।

























