৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বালিয়াকান্দিতে সমাবেশ
- প্রকাশের সময় : ০৭:১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / 95
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ী-২ আসনের উপজেলা ভিত্তিক বালিয়াকান্দিতে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বালিয়াকান্দি মিনি স্টেডিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ডা. রফিকুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার কাজী রহমান মানিক।
সভায় সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রব মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—রাজবাড়ী সরকারি কলেজের সাবেক জিএস আহমেদ সাগর, জেলা ছাত্রদলের সাবেক নেতা রোকনুজ্জামান শাহিন, ছাত্রদল নেতা আবুল হোসেন জুয়েল, ফরিদপুর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. জাকারিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন, বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুজ্জামান লিটন, ভূমিহীন নেতা মো. শাহ আলম ও মো. রুহুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নই একমাত্র পথ।
এসময় তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে ধানের শীষ প্রতীকে ব্যারিস্টার কাজী রহমান মানিককে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।






















