মির্জা ফখরুল
শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি
- প্রকাশের সময় : ০১:৫৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / 73
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত।
শনিবার (১৮ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, শিক্ষকদের জন্য যুক্তিসংগত আর্থিক সুবিধা, চাকরির নিরাপত্তা, সর্বোচ্চ সামাজিক মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা বিএনপির অগ্রাধিকার।
তিনি আরও বলেন, রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে যত উদ্যোগই নেওয়া হোক না কেন, শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়।
বিএনপি মহাসচিব জানান, জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ এবং সব শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।
তিনি সতর্ক করে বলেন, শিক্ষকদের আন্দোলনকে পুঁজি করে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি বা নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করে, বিএনপি কোনো নমনীয়তা দেখাবে না।





















