কোটালীপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ
- প্রকাশের সময় : ০৫:১৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / 190
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ১ হাজার ৬৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে গম, সরিষা, পেয়াজ, সূর্যমুখী, চিনাবাদাম, মুগ, মুসুর ও খেসারী ডালের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান (যুগ্ম সচিব) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব সহায়তা তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।






















