‘কোথায় কারাগার ঘোষণা হবে, সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়’

- প্রকাশের সময় : ০৬:৩৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / 52
‘অস্থায়ী কারাগার’ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর
ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে ‘কারাগার’ ঘোষণার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, কোন জায়গাকে কারাগার হিসেবে ঘোষণা করা হবে, সেটা প্রসিকিউশন বা তদন্ত সংস্থার বিবেচ্য বিষয় নয়; আমাদের বিবেচ্য বিষয় হলো আইন অনুযায়ী কাজ করা।
সোমবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, আসামিকে যদি গ্রেফতার করা হয়, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। এটি সংবিধান, ট্রাইব্যুনাল আইন ও ফৌজদারি কার্যবিধিতে স্পষ্টভাবে বলা আছে। এরপর আদালত তাকে যেখানে রাখতে বলবেন, সেখানেই রাখা হবে।
উল্লেখ্য, ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে ‘কারাগার’ ঘোষণা করে রবিবার (১২ অক্টোবর) একটি প্রজ্ঞাপন জারি করে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়ার পর এ সিদ্ধান্ত আসে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব হাফিজ আল আসাদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ৫৪১(১) এবং দ্য প্রিজন্স অ্যাক্ট, ১৮৯৪-এর ধারা ৩(বি) অনুযায়ী, ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন ‘এমইএস’ বিল্ডিং নং–৫৪–কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।






















