খাগড়াছড়ি ও গুইমারায় ১৪৪ ধারা বহাল, সংঘর্ষে নিহতদের মরদেহ হস্তান্তর

- প্রকাশের সময় : ০১:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / 93
খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীর ধর্ষণকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উত্তেজনা ও সহিংসতায় জেলাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চতুর্থ দিনের মতো চলমান থাকলেও খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে কিছুটা যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ এখনও প্রায় অচল।
রোববার গুইমারায় সহিংসতায় নিহত তিন পাহাড়ির মরদেহ ময়নাতদন্ত শেষে সোমবার রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। একই রাতে তাদের দাহক্রিয়া সম্পন্ন হয়।
গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন কাজ করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সেনাবাহিনী ও ১০টি প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় এখনও ১৪৪ ধারা জারি আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তা প্রত্যাহার করা হবে।
সোমবার আন্দোলনকারীদের ৬ প্রতিনিধি প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। তারা ১৪৪ ধারা প্রত্যাহারসহ ৮ দফা দাবি উপস্থাপন করেন। তবে বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ২৭ ও ২৮ সেপ্টেম্বর সংঘর্ষে তিনজন নিহত হন এবং অনেক বাড়িঘর ও অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।






















