গাজায় একদিনে নিহত ৬০, মোট প্রাণহানি প্রায় ৬৫ হাজার ৫০০

- প্রকাশের সময় : ১০:০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / 101

ইসরায়েলি বাহিনীর অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন ৬০ জন এবং আহত হয়েছেন আরও ১৪২ জন। শুক্রবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
তাদের হিসেব অনুযায়ী, গত দুই বছরের অভিযানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৫৪৯ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জন।
এছাড়া যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্য ও ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। শুক্রবার ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন আরও ৫ জন এবং আহত হয়েছেন ৩৩ জন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলার পর থেকেই গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক জনমত ও মামলার মুখেও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ উচ্ছেদ না করা পর্যন্ত অভিযান চলবে।
সূত্র : আলজাজিরা, আনাদোলু এজেন্সি

























