যে ৬ কারণে মোবাইলের ব্যাটারি ফুলে যেতে পারে
- প্রকাশের সময় : ০৫:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / 103
আধুনিক জীবনে স্মার্টফোন এখন অপরিহার্য সঙ্গী। তবে এর ব্যাটারি সমস্যা অনেক সময় মারাত্মক ঝুঁকি তৈরি করে। বিশেষ করে ব্যাটারি ফুলে গেলে ফোন নষ্ট হওয়ার পাশাপাশি বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের আশঙ্কা থাকে। বিশেষজ্ঞদের মতে, ফুলে যাওয়া ব্যাটারির ভেতরে দাহ্য ও বিষাক্ত গ্যাস জমা হয়, যা অত্যন্ত বিপজ্জনক। তাই এমন পরিস্থিতি দেখা দিলে দ্রুত অথরাইজড সার্ভিস সেন্টারে নিয়ে ব্যাটারি বদলানো জরুরি।
তাদের ব্যাখ্যায় জানা যায়, ব্যাটারি ফুলে যাওয়ার পেছনে নানা কারণ রয়েছে। লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারির ভেতরের রাসায়নিক জেল গ্যাসে পরিণত হলে ব্যাটারি ফেঁপে ওঠে। আবার দীর্ঘসময় চার্জে লাগিয়ে রাখা বা বারবার চার্জ দেওয়ার ফলে ব্যাটারির ভেতরে চাপ সৃষ্টি হয়, যা ফুলে যাওয়ার ঝুঁকি বাড়ায়। চার্জিংয়ের সময় বা অতিরিক্ত গরম হলে ব্যাটারির ভেতরে গ্যাস তৈরি হয় বলেও জানানো হয়।
বিশেষজ্ঞরা আরও জানান, নকল বা নিম্নমানের চার্জার ব্যবহারের কারণেও ভোল্টেজ নিয়ন্ত্রণ ঠিক থাকে না, এতে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়। পুরোনো ব্যাটারি দুই থেকে তিন বছর পর আয়ুষ্কাল হারাতে শুরু করে, তখনও এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া শর্ট সার্কিট বা উৎপাদন ত্রুটি থাকলেও ব্যাটারি ফুলে যাওয়ার ঘটনা ঘটতে পারে।
এ ধরনের ঝুঁকি এড়াতে অরিজিনাল চার্জার ব্যবহার, ফোনকে অতিরিক্ত গরম না হতে দেওয়া, দীর্ঘসময় পূর্ণ চার্জে না ফেলে রাখা এবং ব্যাটারিকে সবসময় ২০ থেকে ৮০ শতাংশ চার্জের মধ্যে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া তিন বছরের বেশি পুরোনো ব্যাটারি দ্রুত বদলে ফেলারও সুপারিশ করেছেন তারা।
তাদের মতে, ফুলে যাওয়া ব্যাটারি কখনোই সাধারণভাবে ফেলে দেওয়া বা কাটার চেষ্টা করা উচিত নয়। নিরাপদ উপায়ে নিষ্পত্তির জন্য তা রিসাইক্লিং বা ই-ওয়েস্ট কালেকশন সেন্টারে জমা দেওয়া প্রয়োজন।





















