বিশ্বনেতাদের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ৮৫

- প্রকাশের সময় : ১০:৪৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / 87

বিশ্বনেতাদের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এতে আরও ৮৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে নুসেইরাত শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেওয়া ১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে সাত নারী ও দুই শিশু ছিলেন।
২৪ সেপ্টেম্বর ভোর থেকে ইসরায়েলি সেনারা হামলা তীব্র করে। জাতিসংঘ জানায়, এসব হামলায় হাজারও মানুষ গাজা সিটি থেকে দক্ষিণে পালাতে বাধ্য হচ্ছে। জাতিসংঘের তদন্ত কমিশন বলছে, ইসরায়েলের লক্ষ্য গাজায় স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও পশ্চিম তীরে ইহুদি সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা।
২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৬৫ হাজার ৪১৯ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ৬৭ হাজার ১৬০ জন আহত হয়েছেন। হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
জাতিসংঘ সাধারণ পরিষদে একাধিক দেশ ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানায়। ইরান, সিরিয়া ও নরওয়ের নেতারা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। মার্কিন দূত জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের ২১ দফা শান্তি পরিকল্পনা বিশ্বনেতাদের জানানো হয়েছে।
তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু শান্তি আলোচনায় রাজি নন। বরং তিনি হামাস নেতাদের হত্যা ও পূর্ণমাত্রার অবরোধ আরোপের নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
ইসরায়েলের ভেতরেও নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ বেড়েছে। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে দেশ ছাড়ার আগে তেল আবিবে শত শত মানুষ তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। একইসঙ্গে নেতানিয়াহু আবারও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি প্রত্যাখ্যান করেছেন।
সূত্র: আল-জাজিরা

























