বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডস, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

- প্রকাশের সময় : ০২:১৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 114

অভিবাসনবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে নেদারল্যান্ডস। রাজধানী দ্য হেগে শনিবার ব্যাপক সহিংসতায় জড়িয়েছে বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে জানানো হয়, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস ও পানিকামান ব্যবহার করে পুলিশ। এতে দুই পুলিশ আহত হন এবং অন্তত ৩০ জনকে আটক করা হয়।
ডাচ সংবাদ সংস্থা এএনপি জানায়, প্রায় দেড় হাজার বিক্ষোভকারী শহরের একটি মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার প্রতিক্রিয়ায় নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কোফ বলেন, “নির্লজ্জ সহিংসতার এমন দৃশ্য একেবারেই মেনে নেওয়া যায় না। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
ডানপন্থি নেতা গির্ট উইল্ডার্স, যিনি গত নির্বাচনে বিজয়ী হয়েছিলেন এবং আগামী ২৯ অক্টোবরের ভোটের আগেও জরিপে এগিয়ে আছেন, তাকে বিক্ষোভে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি অংশ নেননি। বরং পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে নিন্দা জানিয়ে বলেন, “এটি মূর্খদের কাজ।”
ঘটনার পর দ্য হেগ এবং আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সূত্র: বিবিসি

























