নেপালে জেন-জি বিক্ষোভকারীদের দখলে পার্লামেন্ট, কারফিউ জারি

- প্রকাশের সময় : ০৫:০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / 117

নেপালে সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্ত ও দুর্নীতির বিরুদ্ধে তরুণদের বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুর নিউ বানেশ্বরে অবস্থিত পার্লামেন্ট ভবনে প্রবেশ করে বিক্ষোভকারীরা। এ সময় তারা পুলিশি ব্যারিকেড ভেঙে ও গেট টপকে ভেতরে প্রবেশ করে।
শুরুতে শান্তিপূর্ণভাবে চলা এ আন্দোলন দ্রুতই সহিংস হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। উত্তপ্ত পরিস্থিতির কারণে কাঠমান্ডু জেলা প্রশাসন দুপুর ১২টা ৩০ থেকে রাত ১০টা পর্যন্ত বানেশ্বর ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ জারি করে।
কারফিউ ঘোষণায় জানানো হয়, স্থানীয় প্রশাসন আইন ২০২৮-এর ধারা ৬(এ) অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষিত এলাকায় নিউ বানেশ্বর চৌক থেকে বিজুলিবাজার সেতু, পূর্বে টিঙ্কুনে চৌক, উত্তরে রত্ন রাজ্য সেকেন্ডারি স্কুল এবং দক্ষিণে শঙ্খমূল সেতু পর্যন্ত অঞ্চল অন্তর্ভুক্ত।
১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেওয়া জেনারেশন জেডের তরুণরা শুধু কাঠমান্ডু নয়, পোখরা, বুটওয়াল, বিরাটনগরসহ বিভিন্ন শহরে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করছেন।
সরকার গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) ফেসবুক, ইউটিউব ও এক্সসহ ২৬টি অনিবন্ধিত প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়। এতে লাখো ব্যবহারকারীর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। শিক্ষার্থীসহ বিক্ষোভকারীরা জানান, বিষয়টি শুধু সোশ্যাল মিডিয়ার সীমাবদ্ধতা নয়, বরং প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে তাদের প্রতিবাদ।
২৪ বছর বয়সী ছাত্রী যুজন রাজভান্ডারী বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আমাদের উদ্বিগ্ন করেছে, তবে এটিই একমাত্র কারণ নয়। আমরা দুর্নীতির বিরুদ্ধেও প্রতিবাদ করছি।” ২০ বছর বয়সী ইক্ষমা তুমরোকের মন্তব্য, “আমাদের প্রজন্ম কর্তৃত্ববাদী মনোভাবের অবসান ঘটাবে।”
বিক্ষোভে জাতীয় পতাকা হাতে তরুণরা জাতীয় সঙ্গীত গেয়ে স্লোগান দেন। এ সময় কিছু বিক্ষোভকারী পুলিশি গার্ড হাউসে উঠতে গেলে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ছুড়ে তাদের সরিয়ে দেয়।
উল্লেখ্য, নেপাল অতীতেও একাধিকবার অনলাইন প্ল্যাটফর্মে সীমাবদ্ধতা আরোপ করেছে। গত বছর টিকটকের ওপর নয় মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, পরে নিয়ম মানার শর্তে তা তুলে নেওয়া হয়। জুলাই মাসে অনলাইন জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে টেলিগ্রাম ব্যবহারে সীমাবদ্ধতা আনা হয়।
সূত্র: কাঠমান্ডু পোস্ট
























