মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেলুন বিস্ফোরণ, আহত অন্তত ১২
- প্রকাশের সময় : ০৩:৩৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / 231
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেলুনে আগুন ধরে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালে হঠাৎ একটি স্পিকারের তারে আগুন ধরে যায়, যা মুহূর্তেই পাশের হেলিয়াম বেলুনে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই বেলুন বিস্ফোরিত হয় এবং উপস্থিত জনতার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে কয়েকজনের শরীর ঝলসে গেছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার সময় অনুষ্ঠান সঞ্চালক মাইক্রোফোনে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “স্পিকারের তারে আগুন ধরে গেছে, দয়া করে সবাই বক্স থেকে দূরে সরে যান।” আয়োজকদের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় বলেও তিনি জানান।
জানা গেছে, প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে বিশেষ প্রতীকী হেলিকপ্টার আকৃতির বেলুন উড়ানো হয়। আয়োজকরা জানান, গত বছরের এই দিনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন—এই ঘটনার স্মরণে প্রতীকী ‘হেলিকপ্টার বেলুন’ উড়ানো হয়।






















