(ভারতের আহম্মদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে)
মেঘের ফাঁকে লুকিয়ে থাকা মৃত্যু
- প্রকাশের সময় : ০৭:০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / 147
# শ ম রশীদ আল কামাল #
(ভারতের আহম্মদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে)
শেষ গন্তব্যের ঠিকানাটা লুকানো ছিল
দুর্বোধ্য শব্দের ভীড়ে –
প্রাণ সঞ্চারী অনুভব ছায়ার তীরে
মেঘের অরণ্যে পল্লবিত রৌদ্রছায়ায়
শেষ বিকেলের হাতটা ধরে
প্রতীক্ষার যাত্রা যেন শুরু হয় স্বর্গীয় উদ্যানে।
কিছু কথা, কিছু উপমা, কিছু স্মৃতি
পূন্য প্রাণে জেগে ওঠে ;
কিছু কবিতার ব্যাকুলতা মগজের ভাঁজে ভাঁজে।
শেষ বিকেলের ভালোবাসা সম্মোহনী পিপাসায়
সৃজনী প্রাণের অন্তরঙ্গ বোধের উন্মাদনায় জেগে ওঠে,
এভাবেই তো যাত্রা শুরু হয় অনন্তর হাত ধরে।
হঠাৎ দুর্দান্ত শব্দে ভেসে আসে কম্পমান কান্নার প্রতিধ্বনি, বেজে ওঠে বিষাদময় সুরের লহরী।
বাঁচাও, বাঁচাও চিৎকার —
চতুর্দিকে আগুনের লেলিহান শিখা
কালো ধোঁয়ায় মুখ ঢাকে সুনীল আকাশ
মেঘের ফাঁকে লুকিয়ে থাকা মৃত্যু
অপ্রতিরোধ্য গতিতে কেড়ে নিয়ে যায় অবুঝ তাজা প্রাণ
এক মুহূর্তের বিচ্ছুরিত সুখের সন্ধানে
অমীমাংসিত স্বপ্নের পথ ধরে
অদৃশ্য ছায়ার ব্যবচ্ছেদ–
সচকিত কন্ঠে আত্মাগুলো শূন্যতার আলিঙ্গনে সিক্ত হয়
বাকরুদ্ধ বিকেলের অন্তঃক্ষরণ, শোকাচ্ছন্ন দীর্ঘশ্বাস
দৃষ্টি সীমানা পেরিয়ে শূন্যলোকে–
এভাবে স্বজন হারানো সন্ধ্যাবেলা
নির্জনতার সিঁড়িতে মুখ থুবড়ে কাঁদছিল,
মনের ভাবনাগুলো মনের অজান্তে নীরবে নিভৃতে
নিগুর যন্ত্রণায় ছটফট করছিল।
হৃদপিন্ডে লুকানো বেদনার মাঝে
তোমরা বেঁচে থাকবে আজন্ম, অনুক্ষণ।


























