হঠাৎ ছাত্রদল সভাপতির পদ হারানোর গুঞ্জন
- প্রকাশের সময় : ০৪:০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- / 97
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারিয়েছেন—এমন গুঞ্জন শুক্রবার (৩০ মে) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও এই গুঞ্জনের কোনো সত্যতা মেলেনি, বরং দলের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।
সকালে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে রাকিবের পদচ্যুতির খবর ছড়িয়ে পড়লে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। তবে বিষয়টি নিয়ে যোগাযোগ করলে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন সাংবাদিকদের বলেন, “তিনি (রাকিব) অসুস্থ থাকায় আজকের প্রোগ্রামে উপস্থিত হতে পারেননি। খবরটি সম্পূর্ণ ভুয়া। এমন কিছুই ঘটেনি।”
রাকিবুল ইসলাম রাকিব ব্যক্তিজীবনে একজন মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১৯৮৮ সালে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার কাশিমপুর ইউনিয়নের ক্বারি ছাইর উদ্দিন ও মোছা. ফিরোজা বেগম দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। ছয় ভাই ও চার বোনের মধ্যে তিনি চতুর্থ। গ্রামের বাড়ি কাশিমপুর হলেও তাঁর পরিবার বর্তমানে ময়মনসিংহ শহরের পণ্ডিতপাড়ায় বসবাস করে।
রাকিব কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষে স্থানীয় নবারুণ বিদ্যানিকেতন স্কুল থেকে ২০০৩ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং শহীদ স্মৃতি সরকারি কলেজ থেকে ২০০৫ সালে এইচএসসি পাস করেন। এরপর তিনি ২০০৬-০৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে ভর্তি হন।
গুঞ্জন ছড়ালেও দলীয় নেতারা এ বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ছাত্রদল সভাপতির পদে রাকিবুল ইসলাম রাকিব বহাল আছেন এবং তাঁর অনুপস্থিতির পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই, বরং তা শারীরিক অসুস্থতার কারণেই ঘটেছে।


























