আপনি বাংলাদেশের ১৮ কোটির ইউনূস, আমরা পদত্যাগ চাই না : ফারুক
- প্রকাশের সময় : ০৭:৩৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / 116
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, “আপনি ব্যক্তি ইউনূস নন, আপনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের ড. ইউনূস। আমরা আপনার পদত্যাগ চাই না।”
তিনি বলেন, “আপনার মতো একজন সচেতন নাগরিক, যিনি নোবেল বিজয়ী হয়ে বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করেছেন, তার কাছ থেকে আমরা নেতৃত্ব ও দিকনির্দেশনার প্রত্যাশা করি, পেছনে সরে যাওয়ার নয়।”
শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত ‘জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী’ শীর্ষক মুক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে এসব মন্তব্য করেন তিনি।
ফারুক বলেন, “গতকাল পত্রিকায় একটি খবর পড়ে বিস্মিত হয়েছি। সেখানে বলা হয়েছে, আপনি ন্যাশনাল কনসালটেটিভ প্যানেল (এনসিপি)-এর এক নেতাকে বলেছেন, ‘আমার পদত্যাগ ছাড়া কোনো উপায় নেই।’ খবরটি কতটুকু সত্য জানি না, তবে এতে মনটা খুব খারাপ হয়েছে। আপনাকে বসানো হয়েছিল নির্বাচন প্রক্রিয়া পরিচালনার জন্য, আপনার প্রতি ছিল আমাদের আস্থা। কিন্তু আপনি কি সেই পথে এগোতে পেরেছেন? যদি না পারেন, তবে সেই ব্যর্থতার কারণ আমাদের জানানো দরকার।”
তিনি আরও বলেন, “নির্বাচনের জন্য আপনাদের তিন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু নয় মাস পেরিয়ে গেলেও কোনো নির্বাচনী রোডম্যাপ দেওয়া হয়নি। এখনও পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, কাদের কানপড়া চলছে। এই পরিস্থিতিতে আমাদের দল বাধ্য হয়ে বলেছে, আপনাদের পদত্যাগ করতে হবে।”
তিনি স্পষ্টভাবে জানান, বিএনপি ড. ইউনূসের পদত্যাগ চায় না, বরং চায় তিনি (ইউনূস) দৃঢ়ভাবে তার ভূমিকা পালন করুন এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য কার্যকর রোডম্যাপ উপস্থাপন করুন।

























