রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত বাংলা নববর্ষ
মুমূর্ষুরে দাও উড়ায়ে

- প্রকাশের সময় : ০২:০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / 124

রাজবাড়ী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের।
‘তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,/ বৎসরের আবর্জনা দূর হয়ে যাক … এসো হে বৈশাখ, এসো এসো।’ কালের গর্ভে হারাল পুরোনো বছরের সব পঙ্কিলতা, সব পাপ-তাপ ধুয়ে-মুছে নতুন দিনের উজ্জ্বল আভায় হাসবে স্বদেশভূমি, বর্ণিল সুখচ্ছটায় ভাসবে মানবজীবন এই প্রত্যাশা নিয়েই শুরু হয়েছে বঙ্গাব্দ ১৪৩২। স্বাগত বাংলা নববর্ষ।
পহেলা বৈশাখ বাংলা সংস্কৃতির সবচেয়ে প্রাণবন্ত, হৃদয়ছোঁয়া ও সর্বজনীন উৎসব। বছরের প্রথম সূর্যের আলোয় বাঙালির হৃদয়ে জেগে ওঠে আশার গান। এই দিনে পুরোনো গøানি ঝেড়ে শুরু হয় নতুন পথচলা। বাংলা নববর্ষ শুধু একটি দিন নয়; এটি বাঙালির জীবনে ঐতিহ্য, সংস্কৃতি, ঐক্য ও প্রাণের মিলনমেলা।
রাজবাড়ীবাসী প্রাণের উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপনে মেতে ওঠে। বর্ণিল আয়োজনে নতুন বছর উদযাপনের অনুষ্ঠানমালা সকলের নজর কাড়ে।
মোগল সম্রাট আকবর ১৫৮৪ সালে তাঁর শাসন ব্যবস্থার উন্নয়নে বাংলা সাল প্রবর্তন করেন। সেই সময় রাজস্ব আদায় হতো হিজরি চন্দ্রপঞ্জিকা অনুযায়ী, যা ছিল পুরোপুরি চন্দ্রনির্ভর। কিন্তু কৃষিভিত্তিক সমাজে এটি ছিল অনুপযোগী। কারণ, কৃষির মৌসুম অনুযায়ী রাজস্ব নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। তাই রাজস্ব আদায়ের সুবিধার্থে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ইত্যাদি কৃষি মৌসুম ও আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে মিশ্র সৌর ও চন্দ্র পদ্ধতির ভিত্তিতে তৈরি হয় ‘তারিখ-ই-ইলাহি’, যা-ই পরে পরিচিতি পায় বাংলা সাল নামে। এই পঞ্জিকা প্রস্তুত করেন বিখ্যাত জ্যোতির্বিদ আমির ফতেহউল্লাহ সিরাজী।
যদিও শুরুতে নববর্ষ ছিল প্রশাসনিক কর আদায়ের দিন, ধীরে ধীরে এটি রূপ নেয় একটি সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে। গ্রামবাংলার মানুষ একে একত্রে পালন করতে শুরু করে। রাজস্ব পরিশোধের পর আয়োজিত হতো ‘হালখাতা’, যেখানে ব্যবসায়ীরা পুরোনো হিসাব শেষ করে মিষ্টিমুখ করতেন নতুন খাতা খুলে।
নববর্ষ উপলক্ষে সকাল আটটায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আ¤্রকানন থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন বিষয়ের সমাহার ঘটে। তার মধ্যে অন্যতম ছিল পালকি, মহিষের গাড়ি, ঘোড়ার গাড়ি ইত্যাদি। শোভাযাত্রাটি রাজবাড়ী শহর প্রদক্ষিণ করে রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে ময়দানে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসনের নববর্ষ মঞ্চে শুরু হয় প্রভাতী সংগীত সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা শিল্পকলা একাডেমি ছাড়াও জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত, নৃত্য পরিবেশন করে। সকাল সাড়ে ৯টায় একই স্থানে তিন দিন ব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়। দিবসটি উপলক্ষে হাসপাতাল, কারাগার ও শিশু পরিবারে ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হয়।
























