ডিসেম্বরে নির্বাচন ধরে সংস্কার দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার
- প্রকাশের সময় : ০৯:২৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / 113
জাতীয় নির্বাচন সামনে রেখে সংস্কার কার্যক্রমে গতি আনার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শনিবার বিকেলে তাঁর সরকারি বাসভবন যমুনায় কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ ও সদস্য ড. বদিউল আলম মজুমদারের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার।
বৈঠকে প্রফেসর আলী রীয়াজ ও ড. বদিউল আলম মজুমদার কমিশনের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং জানান, সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে আলোচনা চলছে। শনিবার পর্যন্ত ৮টি দলের সঙ্গে এই আলোচনা শেষ হয়েছে।
তাঁরা আরও জানান, সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সঙ্গে আলোচনার সময় নির্ধারণ রয়েছে।
এই প্রেক্ষাপটে ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্য সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাসহ সামগ্রিক সংস্কার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে কমিশনকে তাগিদ দেন প্রফেসর মুহাম্মদ ইউনূস।





















