আমির হামজার নামে মামলা করার হুমকি এমপি ফরিদার
- প্রকাশের সময় : ০১:৫০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 14
আমির হামজার নামে মামলা করার হুমকি এমপি ফরিদারকুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিন। তাঁকে নিয়ে কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগ এনে এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তিনি।
দলের অনুমতি পেলে এ ঘটনায় আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করার কথা জানিয়েছেন ফরিদা ইয়াসমিন। মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ফরিদা ইয়াসমিন বলেন, ‘উনি একজন সংসদ সদস্য এবং আমিও একজন সংসদ সদস্য। প্রত্যেকেরই মর্যাদা ও সম্মান রয়েছে। একজন নারীকে সম্মান দিয়ে কথা বলা আমাদের রাজনৈতিক সংস্কৃতি, ভদ্রতা ও আচরণের অংশ।’
তিনি আরও বলেন, জনপ্রতিনিধিদের আচরণের একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত। সমাজের গণ্যমান্য ব্যক্তিরা জনপ্রতিনিধিদের আচরণের দিকে তাকিয়ে থাকেন। কুষ্টিয়ার এমপি মুফতি আমির হামজা তাঁকে ও তাঁর দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমাকে ও আমার দলের নেতৃত্বকে তাচ্ছিল্য ও অপমান করার উপযুক্ত বিচার চাই। দলের অনুমতি পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
আমির হামজার বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে পাবলিক লাইব্রেরি চত্বর থেকে এবং সন্ধ্যায় ভেড়ামারা উপজেলায় ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন মহিলা দলের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
সম্প্রতি দৌলতপুরে একটি সভায় দেওয়া আমির হামজার বক্তব্যকে কেন্দ্র করে এ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ওই বক্তব্যে তিনি ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ করে বলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হননি এবং তাঁদের সাংবিধানিক গুরুত্ব নেই। নিজের পাওয়া ভোটের সংখ্যা উল্লেখ করে ফরিদা ইয়াসমিনের কোনো সরাসরি ভোট নেই বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া ওই বক্তব্যে কুষ্টিয়ার প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন আমির হামজা। ডিসি, এসপি, ইউএনও, ওসিসহ সরকারি কর্মকর্তাদের জনগণের পছন্দের প্রতিনিধিদের পাশ কাটিয়ে কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা না দেওয়ার আহ্বান জানান তিনি।



















