ঢাবিতে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- প্রকাশের সময় : ১২:৫৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 20
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের মূল ফটকের বাইরের সড়ক এবং সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার পর জগন্নাথ হলের মূল ফটকের বাইরের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীস পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একটু আগে ককটেল ফুটিয়েছে, আমি নিজেও শব্দ শুনেছি। হলের দারোয়ান আমাকে নিশ্চিত করেছে যে ঘটনাটি হলের মূল গেটের বাইরের রাস্তায় ঘটেছে।’
বিস্ফোরণের পর হলে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শব্দ শোনার পর আমি সঙ্গে সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা হাউস টিউটরকে নির্দেশ দিয়েছি, যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া অন্য কোনো বহিরাগতকে হলের ভেতরে প্রবেশ করতে দেওয়া না হয়।’
কারা এ ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলে জানান প্রাধ্যক্ষ। তিনি বলেন, ঘটনাটি সড়কে ঘটেছে এবং দারোয়ানরা হলের ভেতরে থাকায় জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।
জগন্নাথ হলের গেটে অবস্থান করা এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি বন্ধুদের সঙ্গে জগন্নাথ হলের গেটে দাঁড়িয়ে ছিলাম। তখন হঠাৎ দুজন ব্যক্তি মোটরসাইকেলে করে এসে ককটেল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।’
এর কিছুক্ষণ পর সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন মেট্রোরেলের নিচের সড়কেও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি বন্ধুদের নিয়ে টিএসসিতে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ উদ্যানসংলগ্ন মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পাই।’
তবে দুটি ঘটনার সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন প্রাং বলেন, ‘ওখানে পুলিশ আছে, আমাদের প্রক্টরিয়াল টিমও আছে। বিষয়টি দেখা হচ্ছে। কী ঘটেছে, ককটেল নাকি হাতবোমা নাকি অন্য কিছু, তার বিস্তারিত তথ্য তারা নিয়ে আসুক। পুলিশ ও আমাদের প্রশাসন যৌথভাবে বিষয়টি দেখছে।’
কারা এ ঘটনা ঘটাতে পারে, এমন প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, ‘যারা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ চায় না, এমন কোনো পক্ষ হয়তোবা এটি ঘটিয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে তারা পরিস্থিতি অস্থিতিশীল করে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। সুতরাং, এখনই কোনো সুনির্দিষ্ট দায়িত্বশীল বক্তব্য দেওয়া যায় না। আমরা বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছি।’
এ ঘটনায় রাত ১১টা ২০ মিনিটে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
বিক্ষোভকারীরা ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারি ও পেশিশক্তির রাজনীতি বন্ধ করে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন শাওনসহ বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় তারা ‘লীগ ধর, জেলে ভর’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।




















