কাজে-কর্মে স্মরণীয় ইউএনও মুস্তাফিজুর, বিদায়ে আবেগঘন পরিবেশ
- প্রকাশের সময় : ০৮:৩৫:০১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 7
একজন সরকারি কর্মকর্তা বদলি হয়ে যান, কিন্তু তাঁর কাজ ও আচরণের স্মৃতি থেকে যায় মানুষের মাঝে। বালিয়াকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমানের বিদায়েও ফুটে উঠেছে এমনই এক চিত্র। পদোন্নতিতে সহকর্মীদের চোখে আনন্দ, আর কর্মস্থল ছাড়ার মুহূর্তে সেই আনন্দের সঙ্গে যুক্ত হয়েছে বিদায়ের আবেগ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদ হলরুমে বালিয়াকান্দি প্রেসক্লাব আয়োজিত বিদায় সংবর্ধনায় বক্তারা তাঁর দায়িত্বশীলতা, আন্তরিকতা, প্রশাসনিক দক্ষতা ও সহযোগিতাপূর্ণ মনোভাবের প্রশংসা করেন।
বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি মো. আতিয়ার রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন।
বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে চৌধুরী মুস্তাফিজুর রহমান প্রশাসনিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়েছেন। উপজেলার বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করেছেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে তাঁর আন্তরিক ও সহযোগিতাপূর্ণ সম্পর্কের বিষয়টিও উঠে আসে অনুষ্ঠানে। প্রয়োজনীয় তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগিতা এবং উপজেলার সমস্যা-সম্ভাবনা নিয়ে গণমাধ্যমের মতামতকে গুরুত্ব দেওয়ায় তাঁর সঙ্গে সাংবাদিকদের পেশাগত ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল বলে জানান বক্তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, কৃষি ও কৃষকের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে ইউএনওর সহযোগিতা গুরুত্বপূর্ণ ছিল। সরকারি কর্মসূচি বাস্তবায়নে তাঁর সমন্বয় ও সহযোগিতা কৃষি বিভাগের কাজকে সহজ করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন বলেন, স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের বিষয়ে ইউএনও আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। প্রশাসনিক কর্মকর্তার পাশাপাশি তাঁর মধ্যে একজন মানবিক মানুষের পরিচয়ও পাওয়া গেছে।
বালিয়াকান্দি সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আলীম আল রাজি বলেন, দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিকে গুরুত্ব দিয়েছেন চৌধুরী মুস্তাফিজুর রহমান। তাঁর কর্মকাল বালিয়াকান্দির মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
বালিয়াকান্দি প্রেসক্লাবের সহ-সভাপতি পারভেজ মিয়া ও সাধারণ সম্পাদক রফিকুজ্জামান মিয়া লিটন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস ও সাধারণ সম্পাদক সোহেল রানাসহ অন্য বক্তারা তাঁর সঙ্গে সাংবাদিকদের আন্তরিক সম্পর্ক, জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকা এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়তার প্রশংসা করেন। তাঁরা বলেন, পদোন্নতি তাঁর কর্মদক্ষতার স্বীকৃতি।
এ সময় উপজেলা প্রেসক্লাবের গোলাম মর্তুবা রিজু, দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি সমীর কান্তি বিশ্বাস, জাফর আলী মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী ইউএনওর নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষ মুহূর্তে পদোন্নতির আনন্দ ও বিদায়ের আবেগ একাকার হয়ে ওঠে। বক্তাদের কথায় উঠে আসে—বালিয়াকান্দিতে তাঁর দায়িত্বকাল প্রশাসনিক নথিতে একটি সময়কাল হয়ে থাকলেও কাজের পাশাপাশি মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্কই তাঁকে এ জনপদে স্মরণীয় করে রাখবে।






















