রাজবাড়ীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
- প্রকাশের সময় : ০৮:২৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 10
রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নে আনুমানিক ২৮ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে বিকেল ৫টা পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে শহীদ ওহাবপুর ইউনিয়নের বড়নুরপুর গ্রামের নিমতলা থেকে কোলারহাটগামী সড়কের ষাটনল ব্রিজ সংলগ্ন এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, সকালে এক নারীর মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। সিআইডি ও পিবিআইয়ের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।



















