যুক্তরাষ্ট্র থেকে চাল আমদানি, শীর্ষ দশে বাংলাদেশ
- প্রকাশের সময় : ০৫:৫৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 15
ভারত-চীনের পরই বাংলাদেশের চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান। তবে তৃতীয় বৃহত্তম চাল উৎপাদনকারী হলেও অভ্যন্তরীণ চাহিদা মেটাতে প্রতি বাংলাদেশকে উল্লেখযোগ্য পরিমাণ চাল আমদানি করতে হয়।
ভৌগোলিকভাবে কাছে হওয়ায় এবং দাম কম হওয়ায় বাংলাদেশের চাল আমদানির প্রধান উৎস ভারত। তবে ২০২৫ সালে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের চাল আমদানির ব্যয় আগের বছরের প্রায় ১ হাজার ৩৬৫ গুণ বেড়েছে। এর ফলেই যুক্তরাষ্ট্রের চালের শীর্ষ ১০ ক্রেতা দেশের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) ২০২৫ সালের চাল রফতানি প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের চালের সবচেয়ে বড় ক্রেতা জাপান। এরপর রয়েছে যথাক্রমে হাইতি, মেক্সিকো, কানাডা, ইরাক, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, হন্ডুরাস ও তাইওয়ান। তালিকায় দশম অবস্থানে বাংলাদেশ।
ইউএসডিএর হিসাবে, ২০২৫ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ৪৭ হাজার ৫৫০ টন চাল আমদানি করেছে। এর আর্থিক মূল্য ছিল ৩ কোটি ৫৭ লাখ ৪০ হাজার ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪৩৬ কোটি টাকা।
খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ মোট ১২ লাখ ৮৫ হাজার ৫৫০ টন চাল আমদানি করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ওই অর্থবছরে চাল আমদানিতে ব্যয় হয়েছে ৫২ কোটি ৯০ লাখ ডলার। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অংশ তুলনামূলকভাবে ছোট হলেও দেশটি থেকে আমদানি প্রবৃদ্ধি বেড়েছে ৯৩৩ গুণ।





















