নওগাঁ সীমান্তে ৩০০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার
- প্রকাশের সময় : ১১:২৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 43
নওগাঁ সীমান্তে অভিযান চালিয়ে ৩০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। বুধবার (১২ আগস্ট) রাত ২টা ৪৫ মিনিটের দিকে জেলার সাপাহার উপজেলার দোয়ারপাল মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
১৬ বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসির নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। হাপানিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সাদেকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল দোয়ারপাল মাঠ এলাকায় অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ইয়াবাগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৩০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মাদকদ্রব্য পোরশা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।





















