জবি আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাইয়ের সভাপতি রাব্বি, সম্পাদক মারুফ
- প্রকাশের সময় : ১১:০০:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 18
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে ‘আইন ও ভূমি প্রশাসন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’। সংগঠনটির সভাপতি হিসেবে মো. রাব্বি হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মহি উদ্দিন আল মারুফ মনোনীত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) আনুষ্ঠানিকভাবে নতুন এ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটে। সভাপতি মো. রাব্বি হোসেন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন আল মারুফ ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সভাপতি মো. রাব্বি হোসেন বলেন, আইন ও ভূমি প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে তিনি আনন্দিত ও গর্বিত। বিভাগের শিক্ষক এবং দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অ্যালামনাইদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তারা বিচার বিভাগ, আইন পেশা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
তিনি বলেন, এই মেয়াদে বর্তমান শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নে ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ এবং অভিজ্ঞ আইনজীবীদের মাধ্যমে ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি সমসাময়িক আইনি জটিলতা, মানবাধিকার ও আইনের শাসন নিয়ে নিয়মিত সেমিনার ও কর্মশালা আয়োজন, দেশ-বিদেশে থাকা অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ জোরদার এবং অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
সাধারণ সম্পাদক মহি উদ্দিন আল মারুফ বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী আইন ও ভূমি প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা সম্ভব হয়েছে। সবার সহযোগিতা, দোয়া ও সুপরামর্শ নিয়ে সংগঠনটি বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম ব্যাচের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার শুরুর দিকে শ্রেণিকক্ষ ও বসার জায়গার সংকট, শিক্ষক সংকটসহ বিভিন্ন অবকাঠামোগত ও প্রশাসনিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে বিভাগটি এগিয়ে যায়। বর্তমানে বিভাগটিতে ১০টি ব্যাচের কার্যক্রম চলছে। এরই মধ্যে প্রথম থেকে চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবন শেষ করেছেন।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন উম্মে তাহমিনা জ্যোতি ও জাহিদুল হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রনি মিয়া, সাংগঠনিক সম্পাদক মোছা. সুমাইয়া আক্তার, কোষাধ্যক্ষ মো. মাকসুদুর রহমান এবং প্রচার ও জনসংযোগ সম্পাদক হয়েছেন মো. সৌরভ ইসলাম।























