বেনাপোলে বিদেশি পিস্তল, ২ ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার
- প্রকাশের সময় : ১১:১৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / 8
যশোরের বেনাপোলে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
রোববার (৯ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানাধীন দিঘীরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেনের দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) সুজাতউদ্দৌলাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে নেতৃত্ব দেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বেনাপোল-যশোর মহাসড়কের দক্ষিণ পাশে দিঘীরপাড় গ্রামের মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের কাছে কবির হোসেনের হার্ডওয়্যার দোকানের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মফিজুর রহমানকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, গ্রেপ্তার মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে এর আগে তিনটি মাদক মামলা ও একটি সিআর মামলা রয়েছে বলেও জানান তিনি।





















