ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, নিরাপদে বেরিয়ে এলেন পাইলট
- প্রকাশের সময় : ১১:০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / 9
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি এফ-৩৫বি স্টেলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার আগে পাইলট ইজেক্ট করতে সক্ষম হওয়ায় তিনি প্রাণে বেঁচে গেছেন। আহত হলেও তার আঘাত গুরুতর নয়।
মার্কিন মেরিন কোর জানিয়েছে, শুক্রবার সান দিয়েগোর মিরামার বিমানঘাঁটির কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পাইলটকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনাস্থলে ধ্বংসস্তূপ থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে। সেখানে দমকল ও সামরিক বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন এবং এলাকাজুড়ে অগ্নিনিরোধক রাসায়নিক ছিটিয়ে দেওয়া হয়।
সান দিয়েগো ফায়ার বিভাগের মুখপাত্র ক্যান্ডেস হ্যাডলি জানান, ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা কাজ করছেন। দুর্ঘটনার বিস্তারিত তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মিরামার ঘাঁটিটি একসময় ‘টপ গান’ চলচ্চিত্রে দেখানো নৌবাহিনীর ফাইটার পাইলট প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। ১৯৯৬ সালে এটি মার্কিন মেরিন কোরের কাছে হস্তান্তর করা হয়।
গভর্নমেন্ট অ্যাকাউন্টিং অফিসের ২০২৪ সালের তথ্য অনুযায়ী, মার্কিন মেরিন কোর, নৌবাহিনী ও বিমান বাহিনীর কাছে ৬৩০টিরও বেশি এফ-৩৫ যুদ্ধবিমান রয়েছে। এর মধ্যে এফ-৩৫বি স্বল্প দূরত্বে উড্ডয়ন ও উল্লম্বভাবে অবতরণে সক্ষম। একটি এফ-৩৫বি বিমানের আনুমানিক মূল্য প্রায় ১০৯ মিলিয়ন মার্কিন ডলার।
মেরিন কোর এ ঘটনাকে ‘এ ক্লাস দুর্ঘটনা’ হিসেবে শ্রেণিভুক্ত করেছে, যা সামরিক বাহিনীর সবচেয়ে গুরুতর ধরনের বিমান দুর্ঘটনার মধ্যে একটি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল




















