জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, মৌমিতা পরিবহনের ৬ বাস আটক
- প্রকাশের সময় : ১২:০৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / 4
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে বাসের ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে মারধরের অভিযোগ উঠেছে মৌমিতা পরিবহনের এক হেলপারের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা মৌমিতা পরিবহনের ছয়টি বাস আটকে বিক্ষোভ করেন।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী মৌমিতা পরিবহনের বাসগুলো আটকে দেন শিক্ষার্থীরা।
মারধরের শিকার মো. হিরু মিয়া বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (৫৫ ব্যাচ) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।
ভুক্তভোগীর লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, শনিবার সন্ধ্যায় গাবতলী থেকে সাভারগামী মৌমিতা পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৩-১৭৮৬) যাত্রাকালে ভাড়া নিয়ে বাসের হেলপারের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হেলপার তাকে শারীরিকভাবে মারধর করেন।
অভিযোগে আরও বলা হয়, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ শুধু ব্যক্তিগত অপমান নয়, বরং বিশ্ববিদ্যালয়ের মর্যাদারও অবমাননা।
ঘটনার খবর ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মৌমিতা পরিবহনের ছয়টি বাস আটকে দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, চিকিৎসা ব্যয় বহন এবং শারীরিক ও মানসিক ক্ষতির উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগ গ্রহণ করেছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট লাইনম্যানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং পরিবহন কর্তৃপক্ষের ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে ঘটনার সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
























