স্টারমারকে রিভলভার ও গুলি উপহার দিলেন এরদোয়ান
- প্রকাশের সময় : ১১:০৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / 15
ন্যাটো সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে ব্যক্তিগতকৃত একটি রিভলভার ও তাজা গুলি উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে যুক্তরাজ্যের কঠোর অস্ত্র আইনের কারণে উপহারটি আপাতত তুরস্কেই রাখা হয়েছে।
আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে অংশ নেওয়া রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্মারক হিসেবে ব্যক্তিগতকৃত রিভলভার উপহার দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। স্টারমারের জন্য দেওয়া রিভলভারের গায়ে তার নামও খোদাই করা ছিল।
তবে যুক্তরাজ্যের আইন অনুযায়ী কার্যক্ষম আগ্নেয়াস্ত্র দেশে নেওয়া বৈধ নয়। ফলে স্টারমারের উপহার হিসেবে পাওয়া রিভলভারটি যুক্তরাজ্যে নেওয়া হয়নি। বর্তমানে এটি তুরস্কে ব্রিটিশ কর্মকর্তাদের হেফাজতে রয়েছে।
জানা গেছে, অস্ত্রটি যুক্তরাজ্যে পাঠানোর আগে সেটিকে সম্পূর্ণ নিষ্ক্রিয় (ডিকমিশন) করা হবে, যাতে তা আর ব্যবহারযোগ্য না থাকে। এ উপহার রপ্তানির জন্য প্রেসিডেন্ট এরদোয়ান বিশেষ অনুমতি দিলেও যুক্তরাজ্যের আইন অনুসরণ করেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এদিকে ন্যাটো সম্মেলনের ফাঁকে স্টারমার ও এরদোয়ান দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান জোরদারে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন।
সম্মেলন শেষে স্টারমার বলেন, ইউক্রেন ও ইরানকে ঘিরে চলমান সংকটের প্রেক্ষাপটে ন্যাটো সদস্যদের মধ্যে ঐক্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং সম্মেলনে সেই লক্ষ্য অর্জিত হয়েছে।
























