জাবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৩:৩৪:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / 60
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম ও রাষ্ট্রগঠনে তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান” শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ সালাম-বরকত হল সংসদের ভিপি মো. মারুফ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য মো. সাহিদ তালুকদার, মো. আব্দুল মোত্তালিব (সুইট), মো. সাইদুল ইসলাম মারুফসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মো. আপেল মাহমুদ, দ্বিতীয় স্থান অধিকার করেন নয়ন ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেন মো. সৌরভ। পরে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শহীদ সালাম-বরকত হল সংসদের ভিপি মো. মারুফ হোসেন বলেন, “এ ধরনের আয়োজন শুধু একটি প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নতুন প্রজন্মকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, নেতৃত্ব ও দেশপ্রেম সম্পর্কে জানার সুযোগ করে দেয়। ভবিষ্যতেও এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত থাকবে এবং এ ধরনের আয়োজনে হল সংসদ সর্বাত্মক সহযোগিতা করবে।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য মো. সাহিদ তালুকদার বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, রাষ্ট্রগঠন ও জাতীয় রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্ব, দেশপ্রেম, সততা ও কর্মনিষ্ঠা আজও মানুষকে অনুপ্রাণিত করে। নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন, আদর্শ ও রাষ্ট্রগঠনে অবদান তুলে ধরতে এ ধরনের কুইজ প্রতিযোগিতা অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। ইতিহাসচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ইতিহাস জানার আগ্রহ আরও বাড়াবে এবং দেশ ও জাতির কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে।”
শহীদ সালাম-বরকত হল ছাত্রদল কর্মী মো. আব্দুল মোত্তালিব (সুইট) বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন কেবল একজন ব্যক্তির গল্প নয়; এটি একটি জাতির ইতিহাস, সংগ্রাম, নেতৃত্ব ও মূল্যবোধের প্রতিফলন। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মকে দেশের ইতিহাস জানতে, পাঠাভ্যাস গড়ে তুলতে এবং দেশপ্রেম, সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মতো গুণাবলি অর্জনে অনুপ্রাণিত করে।”
প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।























