জুলাইয়ের প্রথম প্রহরে জাবিতে শহীদদের স্মরণে ছাত্রশক্তির মোমবাতি প্রজ্বলন
- প্রকাশের সময় : ১২:২৩:০২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / 17
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাইয়ের প্রথম প্রহরে জাতীয় সংগীত পরিবেশন, এক মিনিট নীরবতা পালন এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় সংসদ।
বুধবার (১ জুলাই) দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য-২৪ স্মৃতিস্তম্ভে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, “জুলাই আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণআন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দিয়েছে।”
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। তাই অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি ও কার্যকর কূটনীতি অনুসরণ করা জরুরি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়।” তিনি আরও বলেন, আন্দোলনটি রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জুলাই মাসব্যাপী কর্মসূচির পূর্ণাঙ্গ রোডম্যাপ দ্রুত প্রকাশের আহ্বান জানান।
জাবি ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির প্রথম প্রহরে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের একসঙ্গে উপস্থিতি তাৎপর্যপূর্ণ। তিনি ১৫ জুলাইকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে ‘কালোরাত্রি’ হিসেবে অন্তর্ভুক্ত করা, জুলাই মাসব্যাপী কর্মসূচি দ্রুত ঘোষণা এবং জুলাই হামলার ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব, বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা।



















