নওগাঁ সীমান্তে ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক
- প্রকাশের সময় : ০৮:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 157
নওগাঁর পত্নীতলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১২টা ১০ মিনিটের দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর আওতাধীন আগ্রাদ্বিগুন বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সোয়েব আলী মুন্সির নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৫৬ এমপি থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার হযরতপুর গ্রামের ব্রিজ এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে ব্রিজের উত্তর-পশ্চিম পাশ থেকে ২৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন— শরীফ হোসেন (২৯), পিতা: নজরুল ইসলাম, গ্রাম: কাষ্টবৈ ভাঙ্গাপাড়া এবং মোর্শেদুল ইসলাম (১৮), পিতা: আবু বক্কর সিদ্দিক, গ্রাম: শিয়াড়া। উভয়ের বাড়ি পত্নীতলা উপজেলার শিয়াড়া বাজার এলাকায়।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, মাদক ও চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।























