পবিপ্রবিতে কুকুর নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি শিক্ষার্থীদের
- প্রকাশের সময় : ০৪:১৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / 11
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদে একটি কুকুরকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে এক কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা।
তাদের দাবি, একটি মুরগি ধরাকে কেন্দ্র করে অনুষদীয় লাইব্রেরির কর্মকর্তা আব্দুল কালাম কুকুরটির ওপর শারীরিক আঘাত করেন। এতে প্রাণীটি গুরুতর আহত হয় এবং পরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে।
শিক্ষার্থীরা জানান, কুকুরটি পূর্ব থেকেই পায়ের আঘাতজনিত সমস্যার কারণে তাদের উদ্যোগে চিকিৎসাধীন ছিল। ঘটনার পর তারা দ্রুত প্রাণীটির চিকিৎসার ব্যবস্থা করেন। তবে এখনো কুকুরটি পুরোপুরি শঙ্কামুক্ত নয় বলে জানা গেছে।
ঘটনার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, কোনো প্রাণী ক্ষয়ক্ষতি করলে তার মানবিক ও বৈজ্ঞানিক সমাধান খোঁজা উচিত। সহিংস আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে প্রাণী চিকিৎসা ও কল্যাণ বিষয়ক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট একটি অনুষদে এমন অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আলী আজগর বলেন, “ঘটনার বিষয়টি জানার পরপরই প্রক্টর মহোদয়কে অবহিত করা হয়েছে। তিনি দ্রুত একটি তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধারণ এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করার আহ্বান জানান।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা আব্দুল কালামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
শিক্ষার্থীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, সত্য উদঘাটন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাণীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানিয়েছেন তারা।

























