মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার : গ্রেপ্তার ২, পলাতক ২
- প্রকাশের সময় : ০৯:১৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / 139
নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে আরও দুইজন অভিযানের সময় পালিয়ে যাওয়ায় তারা পলাতক রয়েছেন। এ সময় চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামও জব্দ করা হয়।
রোববার (১৪ জুন) বিকেল ৩টার দিকে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার তেতুলিয়া ইউনিয়নের চক সাবাই (গোয়ালপাড়া) এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে মো. শাহিন (২৬) ও তার স্ত্রী মোছা. আয়েসা (২১)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় অভিযুক্ত আলিমুদ্দিন (৫০) ও মো. সৈয়দ (৬০) পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানকালে শাহিনের বাড়ি ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পাশাপাশি চোলাই মদ তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।
মান্দা থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত সরঞ্জাম থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের দাবি, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।























