পর্দানশীন নারী এমপিদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, জবি শিবিরের প্রতিবাদ
- প্রকাশের সময় : ০৮:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / 13
জাতীয় সংসদে বিরোধীদলের পর্দানশীন নারী এমপিদের নিয়ে সাবেক ছাত্রলীগ সভাপতি ও বর্তমান বিএনপি এমপি মনিরুল হক চৌধুরীর কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির।
রবিবার (১৪ জুন) ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত বিবৃতিতে এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও জকসু জিএস আব্দুল আলিম আরিফ এবং সেক্রেটারি ইব্রাহিম খলিল যৌথভাবে বলেন, আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছি যে, বিএনপির কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য এবং সাবেক ছাত্রলীগ সভাপতি মনিরুল হক চৌধুরী আজ মহান জাতীয় সংসদে পর্দানশীন নারী সংসদ সদস্যদের সম্পর্কে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করেছেন এবং হিজাব-নিকাবের মতো ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসনকে বিদ্রূপ করেছেন। একজন জনপ্রতিনিধির মুখে এ ধরনের বক্তব্য শুধু অনভিপ্রেতই নয়, বরং দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল।
নেতৃদ্বয় আরও বলেন, বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিকের ধর্ম পালন ও ধর্মীয় পরিচয় অনুসারে জীবনযাপনের স্বাধীনতা নিশ্চিত করেছে। হিজাব ও নিকাব পরিধান একজন মুসলিম নারীর ধর্মীয় অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতার অংশ। তাই এ বিষয়ে বিদ্রূপাত্মক মন্তব্য ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের সুস্পষ্ট অবমাননা।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা মনে করে, জাতীয় সংসদের মতো সর্বোচ্চ আইনসভায় এমন বক্তব্য সমাজে বিভাজন, বিদ্বেষ ও অসহিষ্ণুতা উসকে দিতে পারে। আমরা বিশ্বাস করি, কোনো ব্যক্তির পোশাক, ধর্মীয় অনুশাসন বা বিশ্বাসকে হেয় প্রতিপন্ন করা একজন দায়িত্বশীল রাজনীতিকের আচরণ হতে পারে না।
এছাড়াও বিবৃতিতে ধর্মীয় মূল্যবোধ, ব্যক্তিস্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ সমুন্নত রাখার স্বার্থে সকলকে দায়িত্বশীল আচরণ ও সংযত বক্তব্য প্রদানের আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, রবিবার (১৪ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে বাজেট আলোচনায় বিরোধী দলীয় নারী সংসদ সদস্যদের ব্যক্তিগত স্বাধীনতা ও পোশাক নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তার বক্তব্যকে কেন্দ্র করে সংসদ অধিবেশনে চরম হট্টগোল ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে স্পিকার মনিরুলের বক্তব্যের বিতর্কিত অংশটুকু সংসদীয় কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়ার ঘোষণা দেন।
























