নওগাঁ সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে ১৬ বিজিবি
- প্রকাশের সময় : ১১:৫৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / 14
নওগাঁ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ১৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। বিজিবির কঠোর অবস্থান ও তাৎক্ষণিক পদক্ষেপের মুখে বিএসএফ ওই ব্যক্তিদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
শনিবার (১৩ জুন) ১৬ বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ১৩ জুন দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে নওগাঁ ব্যাটালিয়নের অধীন রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ২২০/এমপি সীমান্ত পিলারের নিকট দিয়ে ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ১৫ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। তাদের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৫ জন শিশু ছিল।
বিএসএফ সদস্যরা নদীপথে নৌকার মাধ্যমে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে বিজিবি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। এ সময় ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন।
পরে ১৬ বিজিবির দৃঢ় অবস্থান এবং কঠোর নজরদারির মুখে একই দিন রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানায়, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্ত এলাকায় সার্বক্ষণিক টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, “নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর।























