মহাদেবপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ জন গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৯:৪০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / 119
নওগাঁর মহাদেবপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবীসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেট এবং চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
শুক্রবার (১২ জুন) নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে সহযোগিতা করে নওহাটা পুলিশ ফাঁড়ি ও মাতাজিহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের দিকনির্দেশনায় মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেতু (২৮), তারা বেগম (৫০) ও আজাদুল (৪২)-কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মোট ৪২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মাদক সেবনের অভিযোগে আটক ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এদিকে একই দিনে মহাদেবপুর থানাধীন নওহাটা পুলিশ ফাঁড়ির পৃথক অভিযানে চেরাগপুর ইউনিয়নের চৌমাশিয়া গ্রামে অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। এ ঘটনায় দিপু পাহান (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই গ্রামের গোকুল পাহানের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দিপু পাহানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাইগা ও মাতাজিহাট এলাকার বাসিন্দারা মাদকবিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা মাদক নির্মূলে পুলিশের চলমান তৎপরতার প্রশংসা করে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।























