মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের মূল বেতন নির্ধারণ
- প্রকাশের সময় : ১২:০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / 96
মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের (সমমর্যাদাসহ) সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রীদের একান্ত সচিবদের (পিএস) মূল বেতন নির্ধারণ করেছে অর্থ বিভাগ।
সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে তাদের মূল বেতন ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে তারা জাতীয় বেতন স্কেল-২০১৫ এর নবম গ্রেডে নিয়োগ পেতেন, যেখানে মূল বেতন ছিল ২২ হাজার টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তাদের বেতন বৃদ্ধি পেল।
সম্প্রতি অর্থ বিভাগ এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে মতামত পাঠিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, নবম গ্রেডের অষ্টম ধাপে ৩২ হাজার ৫৪০ টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে।
তবে এ নিয়োগপ্রাপ্তরা কোনো বার্ষিক বেতন বৃদ্ধি পাবেন না। বিধি অনুযায়ী অন্যান্য ভাতা প্রাপ্য হলেও পেনশন, আনুতোষিক ও ভবিষ্য তহবিলের সুবিধা পাবেন না।
অর্থ বিভাগ জানিয়েছে, এই বেতন কাঠামো শুধুমাত্র সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএস ও উপমন্ত্রীর পিএসদের জন্য প্রযোজ্য হবে।






















