পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি
- প্রকাশের সময় : ০২:১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / 71
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে জীবিত উদ্ধার করা হয়েছে বাসে থাকা চালক, হেলপার ও সুপারভাইজারকে।
আজ শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে ফেরিঘাটের পন্টুন থেকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটি পন্টুনে ওঠার আগেই সব যাত্রী নেমে যাওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
ঘাট কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘এস বি পরিবহন’ এর একটি বাস সকাল সাড়ে ৯ টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের পন্টুনে এসে পৌঁছায়। ফেরিতে ওঠার প্রস্তুতির সময় বাসটি হঠাৎ পন্টুন থেকে ছিটকে তীব্র স্রোতের পদ্মা নদীতে পড়ে মুহূর্তের মধ্যে তলিয়ে যায়। এসময় বাসে ছিলেন চালক, হেলপার ও সুপারভাইজার।
বাসটি নদীতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ও ঘাট শ্রমিকরা উদ্ধার কাজে এগিয়ে আসেন। বাসের চালক এবং তার সহযোগীদের (হেল্পার ও সুপারভাইজার) স্থানীয়দের সহায়তায় জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ এবং কোস্ট গার্ডের যৌথ দল নদীতে ডুবে যাওয়া বাসটি উদ্ধারের চেষ্টা করেছে। বেলা সাড়ে ১১টার দিকে বাসটি পানি থেকে তোলা হয়েছে। তবে পদ্মার তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হয়েছে।
এর আগে গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে ৩ নম্বর পল্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
এ ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।





















