ভারত থেকে আমদানিতে নিষেধাজ্ঞা জাপানের
- প্রকাশের সময় : ০১:১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
- / 114
দীর্ঘ দুই দশক পর আবারও ভারতীয় আম আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ক্ষতিকর পোকা দমনের প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি ধরা পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ভারতের প্রিমিয়াম আম রপ্তানি বড় ধাক্কার মুখে পড়েছে।
বিশেষ করে আলফোনসো, কেসর, ল্যাংড়া ও ভাঙ্গানাপাল্লীর মতো জনপ্রিয় জাতের আমের বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে।
চলতি বছরের শুরুতে ভারতের একটি শোধন কেন্দ্রে পরিদর্শনের সময় জাপানি কোয়ারেন্টাইন কর্মকর্তারা পোকা দমন ব্যবস্থায় গাফিলতি খুঁজে পান। এরপরই ভারতীয় আম আমদানিতে কঠোর অবস্থান নেয় জাপান।
মূলত ফল মাছি ও অন্যান্য আক্রমণাত্মক পোকামাকড়কে কৃষির জন্য বড় হুমকি হিসেবে দেখে জাপান। এ কারণে দেশটিতে ‘জিরো-টলারেন্স’ নীতি কার্যকর রয়েছে।
গত মার্চে ভারতের উত্তর প্রদেশের রহমানপুরে অবস্থিত একটি ‘ভেপার হিট ট্রিটমেন্ট’ (ভিএইচটি) কেন্দ্র পরিদর্শন করে জাপানি প্রতিনিধি দল। এ প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত গরম ও আর্দ্র বাতাসের মাধ্যমে আমের ভেতরের পোকা বা লার্ভা ধ্বংস করা হয়, যা জাপানে আম রপ্তানির বাধ্যতামূলক শর্ত।
তবে পরিদর্শনে কেন্দ্রটির ধোঁয়াকরণ ও জীবাণুমুক্তকরণ প্রক্রিয়ায় একাধিক ঘাটতি ধরা পড়ে। পরে জাপানের ইয়োকোহামা প্ল্যান্ট প্রোটেকশন অ্যাসোসিয়েশন জানায়, ২০২৬ সালের ২৫ মার্চের পর ইস্যু করা শংসাপত্রধারী কোনো ভারতীয় আমের চালান গ্রহণ করা হবে না।
জাপান ভারতের সবচেয়ে বড় আমের বাজার না হলেও এটি ছিল অন্যতম লাভজনক ও উচ্চ-মূল্যের বাজার। ফলে এই নিষেধাজ্ঞা ভারতীয় আমচাষি ও রপ্তানিকারকদের জন্য বড় আর্থিক ধাক্কা হয়ে এসেছে।
সূত্র: এনডিটিভি























