নওগাঁয় মসজিদকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩
- প্রকাশের সময় : ১২:০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
- / 50
নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের চুয়াড়পাড়া গ্রামে মসজিদকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার ও ইমামের বিরুদ্ধে অপপ্রচারের জেরে সংঘর্ষের ঘটনায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় ৯ জনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী মো. নজরুল ইসলাম (৬৪) বাদী হয়ে এজাহার দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায়, চুয়াড়পাড়া গ্রামের নজরুল ইসলামের পরিবারের সঙ্গে একই গ্রামের হাশেম সরদার (৪২), মামুন সরদার (৩৮), মহসিন সরদার (৪৮)সহ অভিযুক্তদের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। গ্রামের জামে মসজিদের ইমাম ফারুক হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ করাকে কেন্দ্র করে বিরোধ আরও তীব্র হয়।
গত ২৮ মে পবিত্র ঈদুল আজহার দিন সকালে ঈদের নামাজ শেষে ঈদগাহ মাঠে মসজিদ কমিটি ও গ্রামবাসী বিষয়টি মীমাংসা করে দিলেও অভিযুক্তরা তা মেনে নেয়নি বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, সকাল ৯টার দিকে নজরুল ইসলামের ছোট ভাই নাজমুল সরদার (৫০), ভাতিজা জয়নাল সরদার (৩৮) ও নাতি শুভ সরদার কোরবানির পশু জবাইয়ের জন্য ছুরি আনতে গেলে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় হাসুয়া, রামদা, চাকু, এসএস পাইপ, চাইনিজ কুড়াল ও হাতুড়ি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
হামলায় নাজমুল সরদারের মাথা ও দুই হাতে গুরুতর জখম হয়। শুভ সরদার বাধা দিতে গেলে তাকেও চাকু দিয়ে আঘাত করা হয়। এতে তার ডান হাতের মধ্যমা আঙুল কেটে যায়। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে বলা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতদের পরিবার অভিযোগ করে জানিয়েছে, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি জেনে নওগাঁ সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামানকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
নওগাঁ সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, “ঘটনার বিষয়ে এজাহার গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”






















