গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র
- প্রকাশের সময় : ১১:০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / 109
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করেছে মার্কিন প্রশাসন। এখন থেকে অস্থায়ী ভিসাধারীদের গ্রিনকার্ডের আবেদন করতে যুক্তরাষ্ট্রে অবস্থান করা বাধ্যতামূলক নয়। নিজ দেশে ফিরে মার্কিন দূতাবাসের মাধ্যমে আবেদন করতে পারবেন তারা।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থা (ইউএসসিআইএস)। সংস্থাটি জানায়, যারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে চান, তাদের দেশের বাইরে থেকে কনস্যুলার প্রক্রিয়ায় আবেদন করতে হবে।
এতদিন বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে অবস্থান করেই ‘অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস’ প্রক্রিয়ায় গ্রিনকার্ডের আবেদন করতে পারতেন। নতুন নিয়মে সেই প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। ইউএসসিআইএস এ ব্যবস্থার নাম দিয়েছে ‘অসাধারণ প্রতিকার ব্যবস্থা’।
২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নেন। এরই ধারাবাহিকতায় নতুন এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে মেয়াদোত্তীর্ণ ভিসাধারীর সংখ্যা কমাতেই এ সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।
সূত্র: এএফপি






















