আজ শনিবারও খোলা ব্যাংক, চলবে স্বাভাবিক লেনদেন
- প্রকাশের সময় : ১০:৫১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / 13
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটির কারণে আজ শনিবারও দেশের সব তফসিলি ব্যাংক খোলা রয়েছে। একই সঙ্গে আগামীকাল রোববার হবে ঈদের আগের শেষ কার্যদিবস।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আজ শনিবার (২৩ মে) ও আগামীকাল রোববার (২৪ মে) ব্যাংকের শাখা ও উপশাখাগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লেনদেন করতে পারবেন। আর আনুষঙ্গিক কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত।
কেন্দ্রীয় ব্যাংকের জারি করা সার্কুলার অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।
তবে তৈরি পোশাক শিল্প এলাকার কিছু ব্যাংক শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে খোলা থাকবে।
এ সময় অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং গ্রাহক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এ ছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা সেবা চালু থাকবে। ঈদের ছুটিকালেও সীমিত আকারে আমদানি-রপ্তানি সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।




















