মেসির ১০ নম্বর জার্সি কেন এখনই কাউকে দিতে চান না তেভেজ

- প্রকাশের সময় : ১১:৪৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 2

- একসময় এই জার্সি পরে মাঠ মাতিয়েছেন দিয়েগো ম্যারাডোনা।
- আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের পর থেকেই আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির উত্তরসূরি নিয়ে আলোচনা চলছে।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — একসময় এই জার্সি পরে মাঠ মাতিয়েছেন দিয়েগো ম্যারাডোনা। এরপর দীর্ঘদিন আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিকে নিজের পরিচয়ের অংশ করে নিয়েছিলেন লিওনেল মেসি। দুই কিংবদন্তির বিদায়ের পর এখন সেই জার্সির নতুন উত্তরসূরি খুঁজছে আর্জেন্টিনা। কিন্তু কার্লোস তেভেজের মতে, এত তাড়াহুড়ার প্রয়োজন নেই। বরং কিছুদিন ১০ নম্বর জার্সিটি কাউকে না দেওয়ার পক্ষে সাবেক এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত
আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের পর থেকেই আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির উত্তরসূরি নিয়ে আলোচনা চলছে। নিকো পাস, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর মতো তরুণ ফুটবলারদের নামও উঠে আসছে সম্ভাব্য দাবিদার হিসেবে। তবে এখনো কাউকে জার্সিটি দেওয়ার সিদ্ধান্ত নেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে স্কালোনি জানিয়েছেন, বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে বিষয়টি নিয়ে ভাবার যথেষ্ট সময় রয়েছে। তার এই অবস্থানের সঙ্গে একমত তেভেজও। আর্জেন্টিনার টেলিভিশন অনুষ্ঠান এস্তুডিও ফুটবলে মেসির উত্তরসূরি নিয়ে প্রশ্ন করা হলে তেভেজ বলেন, ‘আমি আরও কিছুদিন অপেক্ষা করতাম। এই মুহূর্তে কাউকেই ১০ নম্বর জার্সি দিতাম না।’
তেভেজের কাছে এই জার্সির গুরুত্ব শুধু একটি সংখ্যায় সীমাবদ্ধ নয়। তার মতে, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নামের সঙ্গে জড়িয়ে থাকায় জার্সিটি বিশেষ মর্যাদা পাওয়ার দাবি রাখে। তিনি বলেন, ‘এই জার্সিটা বিশ্ব ফুটবলের একটা প্রতীক হয়ে থাকা উচিত। বিশেষ করে আমাদের জন্য তো আরও বেশি। কারণ, এই জার্সি পরে খেলেছেন দিয়েগো (ম্যারাডোনা) ও মেসি।’
কৌশল ও দলগত বিশ্লেষণ
তাই নতুন কাউকে জার্সিটি দেওয়ার আগে কিছুদিন সেটি আলাদা করে রাখার পরামর্শ দিয়েছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাস ফরোয়ার্ড। তেভেজ বলেন, ‘আমার মনে হয়, কিছুদিন জার্সিটা আলাদা করে রাখা উচিত। যাতে ভবিষ্যতে যে এটি পরবে, সে বুঝতে পারে জার্সিটি কতটা মূল্যবান। শুধু তার নিজের জন্য নয়, সব আর্জেন্টাইনের কাছেই এর গুরুত্ব কতটা।’
এরপর নিজের ভাবনাকে আরও পরিষ্কার করেন তিনি, ‘যতক্ষণ না এমন কেউ উঠে আসে, যার ১০ নম্বর জার্সি পরার যোগ্যতা আছে, ততক্ষণ অপেক্ষা করা উচিত। একটু সময় দিন, জার্সিটির মূল্য আরও বাড়তে দিন। তারপর দেখা যাবে, কে এটি পরার যোগ্য।’
আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘদিন খেলেছেন তেভেজও। জাতীয় দলের হয়ে দুটি বিশ্বকাপে অংশ নিয়েছেন। জিতেছেন ২০০৪ সালের এথেন্স অলিম্পিকে সোনার পদক। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের অভিজ্ঞতাও রয়েছে তার। তাই আর্জেন্টিনার হয়ে খেলার চাপ এবং প্রত্যাশা সম্পর্কে ভালোভাবেই জানেন ৪২ বছর বয়সী এই সাবেক ফরোয়ার্ড।



















