নওগাঁ পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া ৬৬ মোবাইল হস্তান্তর
- প্রকাশের সময় : ০৪:৫৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / 143
নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে গত এক মাসে হারিয়ে যাওয়া ৬৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোহাম্মদ তারিকুল ইসলাম-এর প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বিত প্রচেষ্টায় মোবাইলগুলো উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে সেগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারী-পুরুষ, বৃদ্ধ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।
দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের এ জনসেবামূলক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে মোবাইল ফোন মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ এবং অনেকের কাছে এটি জীবনের অবিচ্ছেদ্য অংশ। হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে জেলা পুলিশ গর্বিত ও আনন্দিত।
তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার ১১ থানা পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠানগুলোকে মাদকসেবী, মাদক কারবারি, ডাকাতসহ রাষ্ট্রবিরোধী ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলার সাধারণ মানুষের ভাষ্য, পুলিশের ধারাবাহিক অভিযান ও তৎপরতায় নওগাঁর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি অনুভব করছেন।
জানা গেছে, এর আগেও কয়েক দফায় হাজারো হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে নওগাঁ জেলা পুলিশ।
























